বগুড়ায় ধর্ষণ মামলায় কৃষকলীগ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেলা কৃষকলীগের সদস্য আনিসুর রহমান ওরফে লিটন (৪০)। তিনি শিবগঞ্জ উপজেলার বাদলাদিঘী গ্রামের মোজাম্মেল প্রামাণিকের ছেলে।

মঙ্গলবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ এর বিচারক বেগম মমতাজ পারভিন আদালতে এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে একই গ্রামের এক কিশোরী বাবার বাড়ি থেকে ফুপুর বাড়ি বেড়াতে যাচ্ছিল। গ্রামের রাস্তায় একা পেয়ে আসামি তাকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ২১ অক্টোবর শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আসামি ও বাদীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করা হয়। রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের কথা রায়ে উল্লেখ করা হয় ।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আশেকুর রহমান সুজন।

আসামি পক্ষের আইনজীবী বিনয় কুমার দাস বিষু এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান।

কেএইচ