আগামী ২৩ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক পর্বের শিক্ষা শেষে দেশের সর্ব বৃহৎ এ পাবলিক পরীক্ষায় বসবে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া প্রায় ৩১ লাখ শিক্ষার্থী।
রবিবার সচিবালয়ে ‘প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৪ এর জাতীয় স্টিয়ারিং কমিটি’র সভায় পরীক্ষা সূচি চূড়ান্ত করা হয়েছে।
সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, প্রতিদিন সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
এবার প্রাথমিক সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা ২৭ লাখ ৯৯ হাজার ৬১৩ জন। আর ইবতেদায়ীতে ৩ লাখ ১১ হাজার ২৬৫ জন।
পরীক্ষা শেষে আগামী ২৮ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি সনদপত্র দেয়া হবে।
আড়াই ঘণ্টার পরীক্ষায় হলেও প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন।
এবার এক উপজেলার উত্তরপত্র অন্য উপজেলায় পাঠিয়ে মূল্যায়ন করা হবে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা। প্রশ্নপত্রের প্যাকেট সিলগালা না করে এবার ‘সিকিউরিটি টেপ’ ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এই পরীক্ষা শুরু হয় ২০১০ সালে।
গত বছর ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
ঢাকা, এমএইচ, ০৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম