মাদকের বিরুদ্ধে অভিযানের নাম দিয়ে ক্রমান্বয়ে কথিত 'বন্দুকযুদ্ধের' ধারাবাহিকতা রেখেই চলেছে আইন শৃঙ্খলা বাহিনী।

ধারাবাহিকতার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাতেও দেশের পাঁচ জেলায় অভিযান চালিয়ে ছয় ব্যক্তি তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের।

এর মধ্যে কুষ্টিয়ায় দুজন, গাইবান্ধা একজন, জামালপুরে একজন, ফেনীতে একজন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব ও পুলিশের পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। ‘বন্দুকযুদ্ধের’ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। এরপর থেকে প্রতি রাতেই মাদক ব্যবসায়ীরা তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান চলবে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, গত এক সপ্তাহে সারা দেশে অন্তত ৩৪ ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এর মধ্যে গত রোববার চারজন, সোমবার নয়জন এবং মঙ্গলবার ১১ জনসহ মোট ২৪ জন নিহত হয়েছেন।

এ ছাড়া গত ১৫ মে দুজন, ১৭ মে তিনজন, ১৮ মে একজন, ১৯ মে তিনজন নিহত হয়েছেন। লাগাতার বন্দুকযুদ্ধের মধ্যে আজ বুধবার আরো পাঁচজন নিহতের খবর এলো।

এদিকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র গত সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২১ দিনে ২৭ ব্যক্তি তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতদের মধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে ১০ জন, পুলিশের হাতে আটজন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে নয়জন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

জেড