পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত এই নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

এর ফলে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে আটকা পড়েছে কয়েকশ যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অন্যদিকে, কুয়াশা পড়ায় নদী পারাপাররত চারটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে। এসব ফেরি নদীতে নোঙর করে রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মুন্সীগঞ্জ শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, দিবাগত রাত ২টার দিকে নদীতে ঘন কুয়াশা পড়ায় মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে যায়। এর ফলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পরে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

আলী আহমেদ আরো জানান, নৌপথের মোট ১৭টি ফেরির মধ্যে চারটি ফেরি মাঝ পদ্মায় ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এমআর