চাঁদপুর শহরের পুরাণ বাজার পূর্ব শ্রীরামদী থেকে অপহরণের ৩ দিন পর হাবিব (৬) নামে এক শিশুকে পটুয়াখালীর মির্জাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ আহম্মেদ অপহরণকারী ইছহাক বেপারীকে আটক করেন এবং শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসেন।
উদ্ধারকৃত শিশু হাবিব চাঁদপুরের পূর্ব শ্রীরামদী বেপারী বাড়ির আরিফ হোসেনের ছেলে। অপহরণকারী ইছহাক একই এলাকার ইমাম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর বিকেলে শিশু হাবিবকে অপহরণ করে ইছহাক। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ইছহাক।
এতে হাবিবের বাবা চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করেন। এছাড়া তিনি ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীকে পাঠান।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ আহম্মেদ জানান, মুক্তিপণ দাবিকারীর মোবাইল ফোন ট্র্যাক করে রোববার ভোরে মির্জাপুর থেকে শিশু হাবিবকে উদ্ধার করা হয়।
অপহরণকারী ইছহাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
এমকে





