সিরাজগঞ্জের পাটক্ষেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে। মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা ছিনতাইয়ের পর তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শামীম (২৩) সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে। তিনি কসমেটিক্স কোম্পানির সেলসম্যান ছিলেন।
এদিকে, রোববার (২৬ জুন) রাতে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।
আটকরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার ফরহাদের ছেলে রবিন (২২), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল (২৩) ও ফরিদুলের ছেলে নাহিদ (২২)।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারিক জানান, শনিবার উল্লাপাড়া শহরের বিভিন্ন দোকানে কসমেটিক্স সামগ্রী সরবরাহ শেষে এক লাখ পাঁচ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন শামীম।
পরে রোববার রাতে উল্লাপাড়ায় একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পড়ে থাকা একটি জন্মনিবন্ধন কপির সূত্র ধরে রাতেই মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া টাকাও উদ্ধার করে পুলিশ।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খাজা গোলাম কিবরিয়া জানান, সকালে শামীমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওএফ





