ঘুষ গ্রহণের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার দুই উপ-পরিদর্শকসহ (এসআই) ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই নুর আলম সিদ্দিকি ও এসআই মামুন এবং কনস্টেবল জিওভ আহম্মেদ, আব্দুল জলিল, সোহাগ ও মনরঞ্জন।
ঘুষ গ্রহণের সময় জনতার হাতে আটক ও প্রহৃত হওয়ার ঘটনায় সোমবার রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ।
জানা যায়, পুলিশের ওই ৬ সদস্য বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে পীরগঞ্জ ও রানীশংকৈল থানার সীমান্তবর্তী গোগর এলাকায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেন। আটকের পর কয়েকজন দালালের মাধ্যমে টাকার বিনিময়ে সেগুলো ছেড়ে দেন। এ ঘটনায় উত্তেজিত জনতা পুলিশ সদস্যদের মারপিট দিয়ে গোগর স্কুল মাঠে আটকে রাখে।
পরে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেনসহ পাশ্ববর্তী রানীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত সেখানে গিয়ে সালিশের মাধ্যমে পুলিশ সদস্যদের ছাড়িয়ে আনেন। এ ঘটনার পরদিন শুক্রবারই তাদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছিল।
এআই





