দিনাজপুরের বিরামপুর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। উপজেলার বিজুল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশের এএসআই এইচ এম এরশাদ ও দিনাজপুর ডিবি পুলিশের এসআই বজলুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ বিজুল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্র বিক্রেতা হাকিমপুর উপজেলার চুড়িপট্টি এলাকার মকবুল হোসেনের ছেলে মনজুর আলমকে (৩৫) আটক করা হয়। তার কাছ থেকে মোটরসাইকেলসহ দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

পরে আটক মনজুর আলমের তথ্যের ভিত্তিতে অস্ত্রের ক্রেতা নওগার আত্রাই থানার শিবপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে আশরাফ আলী ও নওগাঁর রানীনগর থানার এনায়েতপুর গ্রামের ইয়ার উদ্দিনের ছলে মিলনকে (২০) আটক করা হয়।

ফুলবাড়ী সার্কেলের এএসপি সুশান্ত সরকার জানান, এর সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ