নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যায় আটক ভাড়াটিয়া আব্দুল্লাহ আল মামুন সবুজকে দ্বিতীয় দফায় আরো তিনদিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে সবুজকে নাটোরের আমলী আদালত-৫ এ হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক শামসুল আল আমিন শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, সুনীল গোমেজ হত্যার কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তিনি।
এজন্য প্রথম দফা দু’দিনের রিমান্ড শেষে আটক সবুজকে আরো গভীরভাবে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত দুই দিনের জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি তদন্তের স্বার্থে কিছু বলা সম্ভব নয় বলে জানান।
৫ জুন (রোববার) দুপুর ১২টার দিকে বনপাড়া খ্রিস্টান পল্লীর ব্যবসায়ী সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের বাড়ির ভাড়াটিয়া আব্দুল্লাহ আল মামুন সবুজকে পুলিশ আটক করে। প্রথম দফায় তাকে দু’দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।
ওএফ





