চট্টগ্রামে আওয়ামী লীগের পার্টি অফিসেই দু’গ্রুপে সংঘর্ষে মাসুদ (২৮) নামের এক যুবলীগ কর্মী’কে হত্যা করা হয়েছেন।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহানগরের আকবর শাহ হাউজিং এলাকায় আওয়ামী লীগের স্থানীয় দু’গ্রুপে সংঘর্ষের সময় একের পর এক ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। তবে তার নাম জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া বলেন, রাত ৮টার দিকে মাসুদ নামের এক যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কিছু লোক। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
জহিরুল হক বলেন, সঙ্গে থাকা লোকেরা জানালেন আকবর শাহ হাউজিং এলাকায় দু’গ্রুপের সংঘর্ষের সময় মাসুদ আহত হয়েছে। দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে তাকে একের পর এক ছুরিকাঘাত করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত রয়েছে।
সিএমপির আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, “বেলতলীঘোনা এলাকায় পার্টি অফিসের ভেতরে যুবলীগ কর্মী মাসুদকে ছুরিকাঘাত করা হয়েছে। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি।”
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এমবি





