যৌতুকের না পেয়ে মঙ্গলবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ঝাউবোনা গোবীনপুর গ্রামে স্বামী, শাশুড়ী ও ননদ মিলে ববিতা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালায়।

এ ঘটনায় পুলিশ শাশুড়ী নাজিরা বেগম ও ননদ নাসরিন বেগমকে আটক করেছে। তবে স্বামী রুবেল (২৮) পলাতক রয়েছে। শিবগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, প্রায় আড়াই বছর আগে শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা মহল্লার শরিফ উদ্দিনের মেয়ে ববিতার সাথে রুবেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুবেল কয়েক দফা যৌতুক আদায় করে। সম্প্রতি সে একটি বাই সাইকেল ও গলার স্বর্ণের চেইন দাবী করে আসছিল। কিন্তু আবারও যৌতুক আনতে অস্বীকার করে ববিতা। এ নিয়ে ঝগড়াঝাটি হলে মঙ্গলবার রাতে ববিতাকে তার স্বামী রুবেল, শাশুড়ী নাজিরা বেগম ও ননদ নাসরিন বেগম পিটিয়ে হত্যা করে। পরে লাশ ঘরের সাথে ঝুলিয়ে রেখে আজ সকালে ববিতা আত্মহত্যা করেছে বলে প্রচার করে।

স্থানীয় লোকজনের সন্দেহ হওয়ায় শিবগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারসহ শাশুড়ী ও ননদকে আটক করে। নিহত ববিতার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। ববিতার দেড় বছরের এক সন্তান রয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ০২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস