২০১৪ সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে ৪৫ জন নারীকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এছাড়া একই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৩০৪ জন নারী এবং গণধর্ষণের শিকার হয়েছেন ৮২ জন নারী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে ‘নারী নির্যাতন ও সামাজিক অনাচারের বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত হউক’ শীর্ষক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ এই তথ্য তুলে ধরে।

সংগঠনের সভাপতি আয়শা খানম জানান, ৬ মাসে ৪৫ জন নারীকে ধর্ষণের পরে হত্যা করা হয় এবং একই সময় নানাভাবে ২ হাজার ২০৮ জন নারী নির্যাতনের শিকার হয়। এছাড়া ৫১ জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়।

তিনি জানান, ৬ মাসে ৫৭ জন নারী অপহরণের শিকার হয়। এছাড়া যৌতুকের কারণে ১২৭ জনকে হত্যা করা হয়েছে। ৬ মাসে উত্যক্তর কারণে আত্মহত্যা করেছে ১২ জন। একই সময়ে পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ২৯ জন নারী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস