প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে ঘোরানো চালক মো. ইমাম শেখের (১৭) চাকরি হচ্ছে বিমানবাহিনীতে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী যে ভ্যানটিতে করে ঘুরেছেন সেটাও নেওয়া হচ্ছে জাদুঘরে।

আজ রবিবার এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

তিনি কালের কণ্ঠকে বলেন, "আজ রবিবার সকালে বিমানবাহিনীর কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তা আমার বাসায় আসেন। আমি ইমাম শেখকে তার আগেই আমার বাসায় খবর দিয়ে নিয়ে এসেছিলাম।

এ সময় বিমানবাহিনীর কর্মকর্তারা ইমামকে বিমানবাহিনীতে তার যোগ্যতা অনুসারে একটি চাকরি ও তার ভ্যানটিকে উপযুক্ত দামে কিনে নিয়ে বিমানবাহিনী জাদুঘরে রাখার আগ্রহের কথা জানান। ইমাম খুশিমনে তাতে সম্মতি দেন।"

বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মোহাম্মদ আবদুল্লাহসহ আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে ভ্যানচালক ইমাম শেখকে বিমানবাহিনীর কাছে তুলে দেওয়া হয়।

যশোর বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মো. হারুনুর রশিদ ও দেলোয়ার হোসেন চালক ইমাম শেখকে গাড়িতে করে যশোরের উদ্দেশে রওনা দেন। বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে তাকে নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে হারিয়ে যান শৈশবের মধুর স্মৃতিবিজড়িত দিনগুলোতে। একটি সাধারণ ভ্যানে করে সরকারপ্রধান ঘুরে বেড়ান কুয়াশামাখা গ্রামের পথে।

ভ্যানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, তাঁর স্ত্রী পেপি সিদ্দিক, তাঁদের মেয়ে লিলা তুলি সিদ্দিক ও ছেলে কায়াস মুজিব সিদ্দিক। কায়াস মুজিবকে কোলে নিয়ে শেখ হাসিনা গ্রামের বিভিন্ন স্থানে ভ্যান থামিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজ-খবর নেন।

এমবি