নিজেদের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার নরসিংদীর পলাশে দড়ি হাউলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়ে দড়ি হাউলাপাড়া গ্রামের নূরুল ইসলামের বাড়িতে হানা দেয়। ডাকাত দল নূরুল ইসলামের বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে। বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালঙ্কারসহ মূলবান জিনিসপত্র লুট করে নেয়।
পরে পরিবারের লোকজন চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ডাকাতরা দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় স্থানীয় লোকজন চারপাশ থেকে ডাকাতদের ধাওয়া দিলে ডাকাত দলের সদস্যরা স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।
এসময় ডাকাতদের ছোঁড়া গুলিতে পেছনে থাকা এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সংবাদ পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের লক্ষ্য করে গুলি করলে পেছনে থাকা ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে, তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





