জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক গণমাধ্যমকে বলেন, আজ বুধবার সকালে একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে পারিবারিক সূত্রে জানা যায়, দুবাইয়ের একটি মোবাইল নম্বর থেকে এ হুমকি দেয়া হয়েছে এবং হুমকিতে বলা হয়েছে ১০হাজার টাকা না দিলে তাকে হত্যা করা হবে।
এ বিষয়ে তিনি থানায় নিরাপত্তা চেয়ে কোন ডায়েরি করবেন কিনা জানতে চাইলে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, আমি কোন ডায়েরি করবো না। পুলিশের উপর আমি সন্তুষ্ট। তারা স্বত:স্ফুর্তভাবে আমাকে নিরাপত্তা দিচ্ছে। তাই তাদের উপর আমার কোন অভিযোগ নেই।
তিনি বলেন, আমি জীবনে দুইবার নিরাপত্তাহীনতায় ভূগেছি। প্রথমবার ১৯৭১ সালে, আর দ্বিতীয়বার এখন। আমাকে পুলিশ নিরাপত্তা দিলেও দেশের কোন মানুষ এখন নিরাপদে নেই। এমনকি মানুষ এখন অফিসে, বেডরুমেও নিরাপদ নয়। চরম নিরাপত্তাহীনতায় ভূগছে সাধারণ জনগণ।
তাকে কে বা কারা হুমকি দিয়েছে এ ব্যাপারে তিনি কিছু বলতে চাননি। তবে তিনি বলেন, এসব ঘটনা জামায়াত-বিএনপির উপরও চাপানো ঠিক নয়, কারণ দেশের মানুষ সব বোঝে।
শুভবুদ্ধির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যারা খুন করেছে আমি তাদের শুভবুদ্ধির কথা বলিনি, তাদের শুভবুদ্ধি কখনো হবেনা। আমি বলেছি দেশের গুনি মানুষ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের শুভবুদ্ধির কথা।
শিক্ষাক্ষেত্রে আপনার অনেক অবদান রয়েছে এখন আপনি নিরাপত্তাহীনতায় ভূগছেন এ ব্যাপারে আপনি কি মনে করেন জানতে চাইলে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ১৯৭২ সালের পর এ দেশে কোন গুনি মানুষের নিরাপত্তা দেয়া হয়নি। কিন্তু নিরাপত্তা দেয়া হয়েছে রাজনৈতিক মঞ্চে যাদের গলায় মালা পড়ানো হয় তাদের।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক।
উল্লেখ্য, ৩১ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুপিয়ে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে।
এমআর/এআই/এমকে/এমএ





