নরসিংদী সদরে এক স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ কর্মসূচি পালন করতে চাওয়ায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় ও তার আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা থাকবে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিনা বেগম জানিয়েছেন।
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানের পক্ষ নরসিংদী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন ডাকে। একই সময় সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভুইয়ার পক্ষ থেকে দোয়া মাহফিল ডাকলে উত্তেজনা দেখা দেয়।
ইউএনও হাছিনা সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ শান্তি ভঙ্গের আশঙ্কায় পাইলট উচ্চ বিদ্যালয় এবং তার আশপাশের ৫০০ গজ এলাকার মধ্যে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ওই স্থানে পুলিশও মোতায়ন করা হয়েছে।
জেআই





