দিনাজপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই যুবককে ধরেও ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনা জানাজানি হলে পরে একজনকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার রাত ১০টায় শহরের সুইহারী খালপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার কিশোরীকে হাসপাতালে ভর্তির পর তার মা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানান, ওই এলাকার হযরত আলীর ছেলে রেজাউল ইসলাম (২৩) ও আমিনুল ইসলামের ছেলে রনি (২১) সহ অজ্ঞাত আরো দুইজন ওই কিশোরীকে বৃহস্পতিবার রাত ১০টায় জোরপূর্বক তুলে নিয়ে একটি ভুট্টা ক্ষেতে হাত-পা-মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন অভিযুক্ত ধর্ষক রেজাউল ও রনিকে আটক করে স্থানীয় কাউন্সিলর আব্দুল হানিফ দিলনের উপস্থিতিতে সদর পুলিশ ফাঁড়ির হাবিলদার রাজ্জাকের হাতে সোপর্দ করে। কিন্তু হাবিলদার রাজ্জাক স্থানীয়ভাবে বিচারের আশ্বাস দিয়ে ধর্ষকদের ছেড়ে দেয়।
এদিকে, ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার ওসি খালেকুজ্জামান জানান, মামলার পর আসামী ছেড়ে দেয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে ধর্ষকদের অন্যতম আসামী রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএইচ





