চরফ্যাশন সদরের বটতলা রোডে অগ্নিকাণ্ডে ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১২ টার সময় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ব্যবসায়ীরা।

চরফ্যাশন বাজারের স্থানীয় ব্যবসায়ীরা জানান, গভীর রাতে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দেখতে দেখতে আগুন আশ-পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়তে শুরু করে।

খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ৪ টি পলিথিনের দোকান, ২ টি ষ্টেশনারি, ২ টি সিলভার, ৩ টি জুতার দোকান ও ১ টি হোটেল রয়েছে।

চরফ্যাশন থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল বাশার জানান, আগুনে ১৬ টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

কেএইচ