সুশোভিত শিউলি ঝরা সকাল দিয়ে একমাস আগেই বিদায় নিয়েছে শরৎ। হেমন্তের শিশিরবিন্দুতে নুইয়ে পড়া শুভ্র-সফেদ কাশফুলের রঙও এখন ধূসর। গাছের কচি পাতার ফাঁকে উঁকি দিচ্ছে মিষ্টি রোদ।
মেঘমুক্ত সুনীল আকাশটাও যেন ডাকছে হাতছানি দিয়ে। বিকেল পাঁচটা গড়ালেই পশ্চিমে ঢলে পড়ছে সূর্য। গোধূলি লগ্নের রক্তিম সূর্য সবাইকে রোমাঞ্চিত করে জল দিয়েই নামিয়ে দিচ্ছে সন্ধ্যা।
সারাদেশে আজ সোমবার রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশে অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে।
আবহওয়ার সারাংশে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বয়ে যায়। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।
আজ সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত হয়েছে ভোর ৫টা ১১ মিনিটে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে।
গতকাল রোববার সারাদেশের কোথাও কোন বৃষ্টিপাত হয়নি। একই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ২৯ দশমিক ৮ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এএস





