ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কবির স্টিল মিলের সামনে লরিচাপায় শ্রমিক নিহতের জের ধরে প্রতিষ্ঠানটির আনসার সদস্য ও পুলিশের সাথে এলাকাবসির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় আনসার ও পুলিশ সদস্যদের গুলিতে অন্তত পাঁচজন আহত হবার খবর পাওয়া গেছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কবির স্টিল মিলের মূল ফটকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টার দিকে স্টিল মিলের লরিচাপায় মো. সুমন (২৮) নামে এক শ্রমিক নিহত হন।

স্থানীয় সূত্র জানায়, সকালে কাজে যোগ দেয়ার জন্য রাস্তা পারাপার হচ্ছিলেন সুমন ও মিন্টু। এসময় স্টিল মিলের মূল ফটক পার হওয়ার সময় মালামাল নিয়ে বের হওয়া একটি লরিতে চাপা পড়েন দু’জন।

এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা মিন্টুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পরে ১১টার দিকে এলাকাবাসি সুমন হত্যার প্রতিবাদে স্টিল মিলের মূল ফটকে জড়ো হলে আনসার সদস্যদের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় আনসার সদস্যদের গুলিতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএম