প্রাক্তন অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে চলছে নানা আয়োজন।

শুক্রবার সকালে মরহুমের কবরস্থানে জেলা বিএনপির সভাপতি ও সাইফুর রহমান ছেলে এম নাসের রহমানসহ বিএনপির নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে পুস্পস্তবক অর্পণ করেন।

স্বাধীনতার পর থেকে অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে সফল ভাবে ১২ বার বাজেট পেশকারী এ নেতার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে গ্রামের বাড়িতে আসেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য নেতারা।

এছাড়াও পরিবার ও দলের উদ্যোগে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া, কোরআন খতম, মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ করা হয়।

২০০৯ সালের এই দিনে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার খড়িয়ালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান এম সাইফুর রহমান।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই