রাজধানীর ভাষানটেক এলাকা থেকে অর্ধকোটি টাকার মাদকদ্রব্যসহ আলতাফ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ভোরে ভাষানটেকের ৪নং বস্তির রাবিশের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলতাফ হোসেনের কাছে থেকে ৩শ’ গ্রাম কোকেন, ৭শ’ পুড়িয়া হিরোইন ছাড়াও ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২২টি ককটেল উদ্ধার করা হয়।

সোমবার ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নজরুল ইসলাম জানান, আলতাফ হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে তিনি জানান।

নজরুল ইসলাম আরো জানান, রাবিশের মোড়ে অস্ত্র ও বোমা নিয়ে বেশ কিছু সন্ত্রাসী অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অন্যান্য সবাই পালিয়ে গেলেও আলতাফকে আটক করা সম্ভব হয়েছে।

পরে আলতাফ হোসেনকে সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক।

এমআর