চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় রায় ঘোষণার আগেই পালিয়ে গেলেন বশির আহমেদ নামের এক আসামি। তাঁর অনুপস্থিতিতেই আজ মঙ্গলবার বিকেলে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম রায় ঘোষণা করেন। তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বশির আহমেদ চকরিয়া উপজেলার বাসিন্দা।
সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী বলেন, নগরের কোতোয়ালি থানায় করা ইয়াবা উদ্ধার মামলার আসামি বশির আহমেদের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য ছিল আজ মঙ্গলবার। জামিনে থাকা আসামি বশির আজ সকালে সময়ের আবেদন করে আদালতে হাজিরও হন। কিন্তু বিকেলে রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে আদালত তাঁকে পলাতক দেখিয়ে এই মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর নগরের নিউমার্কেট এলাকায় বশিরের কাছ থেকে ১৪০টি ইয়াবা উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলে তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।
জেএইচ





