দু’দিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী উপজেলার ৬টি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয়রা জানায়, ভারী বর্ষণে অতিরিক্ত পানির চাপে মঙ্গলবার রাতে ফুলগাজীর বরইয়ায় মুহুরী নদীর বাঁধ ভেঙে যায়।

এতে বরইয়া, দৌলতপুর, বসন্তপুর, বাসুদা, বিজয়পুর ও ফুলগাজী বাজার বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় প্রায় ১০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে।

ফুলগাজী বাজার, থানা, ফুলগাজী পাইলট হাইস্কুল, মহিলা কলেজ ও ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্স হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে।

এছাড়া বরইয়া, দৌলতপুর, বসন্তপুর, বাসুদা, বিজয়পুর গ্রামের রাস্তা-ঘাট, জমির ফসল বন্যার পানিতে ডুবে গেছে ও ভেসে গেছে পুকুরের মাছ।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী রমজান আলী জানিয়েছেন, ২ দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বিপদসীমার পয়েন্ট ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে পানি চাপের কারণে বাঁধটি ভেঙে গেছে। পানি কমতে শুরু করলেই ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর