গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে তা জিডিপিতে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার সকালে এ দাবিতে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধন শেষে নারী নেত্রী রওশন আরা রুশোর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল ৪ দফা দাবিতে অর্থমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে।
দাবিগুলো হল- গৃহস্থালির কাজের আর্থিক মূল্য নির্ধারণ করে জিডিপিতে অন্তর্ভূক্ত করা; দু:স্থ-অসহায় নারীদের রাষ্ট্রীয় উদ্যোগে পুনর্বাসন করার জন্য বাজেটে থোক বরাদ্দ রাখা; সমাজ ও রাষ্ট্রে নারীর শ্রমের অবদানের স্বীকৃতি প্রদান; নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি রওশন আরা রুশো বলেন, গৃহস্থালী কাজের মাধ্যমে নারীরা পরিবারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গৃহে সবার জন্য খাবার তৈরি, শিশুদের দেখা, পড়াশুনা, বৃদ্ধদের সেবা প্রদানসহ অনেক কাজ পরিচালনা করে। এর পরেও সমাজে নারীরা অবহেলার শিকার।
তিনি বলেন, গৃহিনী নারীদের বা গৃহস্থলির কাজের অবদানের মূল্যায়ন না হওয়ায় নারীরা তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয় ও বৈষম্যের শিকার হন। আমরা মনে করি সমাজে এই দৃষ্টিভঙ্গী ও অবস্থার পরিবর্তন করতে রাষ্ট্র বড় ধরনের ভৃমিকা পালন করতে পারে।
তিনি বলেন, রাষ্ট্র নারীদের শ্রমের মূল্যায়ন করার মধ্য নিয়ে কাজের স্বীকৃতি দিতে পারে। সাথে সাথে একটি থোক বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করতে পারে। এবং সমাজে যারা স্বামীর সংসারে নির্যাতিত, বিধবা, অসহায় তাদের পুনর্বাসন করার ব্যবস্থা গ্রহণ করতে পারে ।
মানবববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শম্পা বসু, সদস্য রুখসানা প্রমুখ।
এমএ/এসএইচ





