বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ৩ দিনের ধর্মঘট অবশেষে প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় পরিবহন শ্রমিক ইউনিয়ন।

আজ (শনিবার) বিকেল পাচটায় ভারত ও বাংলাদেশ’র ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের এক ফলপ্রসু বৈঠকে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়ার ঘোষনা দেয়। ফলে বন্দরে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য।

বেনাপোল চেকপোস্টে অনুষ্ঠিত বৈঠকে বেনাপোল কাস্টমস এ আটক ভারতীয় ট্রাক কোর্টের মাধ্যমে জামিনে মুক্ত করার আশ্বাসে তারা আপাতত ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- ভারতীয় বনগাও ট্রাক মালিক সমিতির সভাপতি শ্রী দিলিপ বিশ্বাস, সাধারন সম্পাদক ম্রী পংকজ বিশ্বাস ও সিএন্ডএফ এজেন্টস ওয়েল ফেয়ার এসোশিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্ত্তিক চক্রবর্তী। বাংলাদেশের পক্ষে ছিলেন- বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশনের’সহ সভাপতি কামাল উদ্দিন শিমুল, মজনুর রহমান ও সেলিম উদ্দিন।    

ভারতীয় আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকের পেছন থেকে গুলি’সহ শুটার গান জব্দ করার ঘটনায় আটক ট্রাক’টির নি:শর্ত মুক্তির দাবিতে ভারতীয় ট্রাক শ্রমিকরা গত বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিস্টকালের জন্য দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য বন্ধ করে দেয়। এদিকে সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ১০০ ট্রাক মালামাল আমদানি ও ৫০ ট্রাক মালামাল বাংলাদেশ থেকে রফতানি হয়েছে। 

ভারতীয় পেট্রাপোল সিএন্ডএফএজেন্ট স্টফ ওয়েল ফেয়ার এসোশিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আটক ট্রাকটি কোর্টের মাধ্যমে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হওয়ায় আপাতত ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

নাছির/এমবি