চট্টগ্রাম বন্দরের বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেককে হটাতে চট্টগ্রাম বন্দর ভবন প্রাঙ্গণে সকাল-সন্ধ্যা অনশন কর্মসূচি শুরু হয়েছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের উদ্যোগে রোববার সকাল ১০টা থেকে এই অনশন কর্মসূচি সূচনা করেন চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের আহবায়ক ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।

অনশনে এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বন্দররক্ষা পরিষদের নেতৃবৃন্দসহ সাইফ পাওয়ারটেক’র বিরুদ্ধে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়েছে।
অনশনরত চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের মহাসচিব মাহফুজুর রহমান জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরকে মাফিয়া ও লুটেরা চক্রের হাত থেকে রক্ষার জন্য জনসাধারণকে সাথে নিয়ে এই অনশন কর্মসূচী পালন করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এই অনশন চলবে।

দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক, পেশাজীবী, শ্রমিক ও ছাত্র-জনতাকে অনশন কর্মসূচিতে অংগ্রহণের আহবান জানান তিনি।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই