সাতক্ষীরা জেলার সদর উপজেলায় ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্দু বরকেকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুরোহিত ভবসিন্দু বর একই উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের হাজারিনাম বরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মন্দিরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানান, পুরোহিত ভবসিন্দু বর রাতে মন্দিরেই ঘুমাতেন। ভোর ৪টার দিকে ৬/৭জন দুর্বৃত্ত মুখে কাপড় বেধে স্থানীয় চৌকিদারকে মারধর করে আটকে রাখে। এ সময় তারা ঘুমিয়ে থাকা পুরোহিতকে উপুর্যুপরি কুপিয়ে চলে যায়। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, আহত পুরোহিত ভবসিন্দু চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সম্প্রতি বাংলাদেশে সন্দেহভাজন জঙ্গিদের হাতে একের পর এক সেক্যুলার ব্লগার ও সংখ্যালঘু ধর্মীয় নেতাসহ প্রায় অর্ধশত লোকের হত্যাকাণ্ডের মধ্যে এ ঘটনা ঘটল।
গতকালও ঝিনাইদহ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একই কায়দায় কুপিয়ে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঝিনাইদহে একটি মঠের সেবায়েতকে আর নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধধর্মবিশ্বাসী একজন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে।
উভয় ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে। আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।
এমই





