গত তিন দিনের টানা বৃষ্টিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকা তলিয়ে গেছে। শহরের অধিকাংশ এলাকায় দেড় থেকে দুই ফুট পর্যন্ত পানি উঠেছে। পানি জমে থাকায় স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রমসহ সকল কাজ ব্যাহত হচ্ছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, হিলি শহরের অধিকাংশ এলাকাই বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। পানি বাড়ার কারণে স্কুল-কলেজে যেতে পারছে না সাধারণ শিক্ষার্থীরা।

চিকিৎসা সেবা নিতে পারছে না সাধারণ মানুষ। ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন অতিরিক্ত পানি হওয়ার কারণে। কর্মকর্তা-কর্মচারীও অফিসে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

এ ছাড়া অনেক কাঁচা ও মাটির বাড়ি ঘর ধসে ও ভেঙ্গে পড়ায় মানুষ বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন। বৃষ্টির পানিতে টিউবওয়েল তলিয়ে যাওয়ায় হিলি এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব।

দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহাতাব উদ্দিন বলেন, একটি শহরে টানা বৃষ্টির পানি জমে থাকা মানেই পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো নেই। পরিকল্পিতভাবে শহরের পানি নিষ্কাশনে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে হিলির সাধারণ মানুষদের।

তিনি আরও বলেন,ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত হিলি শহরের পানি নিষ্কাশনে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা থাকা দরকার।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর