করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী দুই সপ্তাহের জন্য রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বুধবার বিআরটিএ এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়াও, গণপরিবহণে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণের নির্দেশনাও দিয়েছে বিআরটিএ।
কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে গত সোমবার (২৯ মার্চ) ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। এর মধ্যে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহনে বর্তমানে যে যাত্রী চলাচল করছে, তার অর্ধেকের বেশি পরিবহন করা যাবে না। অর্থাৎ ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে চলতে হবে। সংক্রমণের উচ্চঝুঁকির এলাকায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়। সম্প্রতি করোনায় সংক্রমণ বেড়েছে। মৃত্যুও বেড়েছে।
এএস





