খাগড়াছড়ির সেনা রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত হয়েছেন। এ সময় তিন জনকে আটক করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দোখাইয়া নামক এলাকায় শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী জানায়, নিহত ও আটক সবাই সন্ত্রাসী এবং জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থী গ্রুপের সদস্য। সন্ত্রাসীদের আটকের সময় হাতাহাতি লড়াইয়ে সেনাবাহিনীর একজন কর্পোরাল মারাত্মকভাবে আহত হয়েছেন।
এ সময় একটি সাবমেশিনগান, দুটি চাইনিজ রাইফেল, তিনটি এসএলআর, একটি আমেরিকান পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে।
খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার রুবায়াত জামিল বলেন, ‘ওই এলাকায় জেএসএস সংস্কারপন্থী সন্ত্রাসীদের একটি বড় গ্রুপ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বড় ধরনের অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি গ্রুপ শুক্রবার রাতে ঘটনাস্থল ঘেরাও করে।’
তিনি আরও বলেন, ‘ভোর ৫টার দিকে ঘটনা টের পেয়ে সন্ত্রাসীরা যৌথবাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই পাঁচ সন্ত্রাসী নিহত হন। যৌথবাহিনী এ সময় তিন সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। আটককালে সেনাবাহিনীর একজন কর্পোরাল মারাত্মকভাবে আহত হন। আহত কর্পোরালকে হেলিকপ্টারে করে খাগড়াছড়ি সেনা হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’
বাঘাইছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানান, সন্ত্রাসীরা বরাদম এলাকার বিনয় জ্যোতি চাকমা নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপন করেছিল। ‘বন্দুকযুদ্ধের’ সময় বাড়ির সদস্যদের জিম্মি করে। কিন্তু সেনাবহিনীর সতর্কগুলি বর্ষণের কারণে সাধারণ কোনো নাগরিক হতাহত হননি। সন্ত্রাসী দলে মোট ২০ জনের মতো থাকলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের আটকের জন্য এখনো অপারেশন চলছে।
তিনি জানান, যৌথবাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও সামরিক পোশাক ও সামরিক সরঞ্জাম আটক করেছে। আটক গুলির মধ্যে রয়েছে ১২০ রাউন্ড রাইফেলের গুলি, ৮৪ রাউন্ড এসএমজির গুলি, ১৪৫ রাউন্ড এসএলআরের গুলি, ৯৪ রাউন্ড পয়েন্ট টু টু বোর রাইফেলের গুলি, ৭ রাউন্ড পিস্তলের গুলি।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির জানান, বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে নিহতদের লাশ এবং উদ্ধার করা অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জামাদি বুঝে নেওয়ার জন্য রওনা দিয়েছে।
এএইচ





