চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের বাংলাদেশে সফরে আসছেন। কাল শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন তিনি। তাঁর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই সড়কে চীনের প্রেসিডেন্টের চলাচল সহজ করতে সড়ক বিভাজনের দুটি স্থান ভেঙে ইউ টার্ন তৈরি করা হচ্ছে। সড়কে থাকা গতিরোধকও তুলে ফেলা হয়েছে।
এদিকে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর উপলক্ষে শুক্রবার সকাল ১০টা থেকে আগামী শনিবার সকাল ১০ পর্যন্ত বিমানবন্দর সড়কের খিলক্ষেত ক্রসিং থেকে পদ্মা অয়েল ক্রসিং পর্যন্ত সড়কের পশ্চিম অংশ বন্ধ রেখে পূর্ব অংশে যান চলাচল করবে।
চীনের প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা এই সড়কের কাজগুলো তত্ত্বাবধান করছেন। ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা বলেন, চীনের প্রেসিডেন্ট চলে যাওয়ার পর আবার সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।
ঢাকা উত্তর ট্রাফিকের অতিরিক্ত উপকমিশনার হুমায়রা সুলতানা বলেন, চীনের প্রেসিডেন্টের চলাচলের জন্য সড়কে দুটি ইউ টার্ন করাসহ কিছু কাজ করা হচ্ছে। এটি সাময়িক ব্যবস্থা।
এমবিএইচ





