ভিড় কমাতে কমলাপুরসহ মোট ৫ এলাকা থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। অর্ধেক টিকেট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অগ্রিম টিকেট বিক্রি করা হবে। কমলাপুর রেলওয়ে স্টেশনসহ রাজধানীর অন্যান্য নির্ধারিত স্টেশনগুলোতে কাল রাত থেকেই টিকেট-প্রত্যাশী মানুষেরা ভিড় জমিয়েছেন।

সোমবার পাওয়া যাবে ৭ আগস্টের টিকেট, আগামীকাল মঙ্গলবার দেওয়া হবে ৮ আগস্টের টিকেট। এ ছাড়া ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট পাওয়া যাবে ১১ আগস্টের টিকেট।

এ ছাড়া ফিরতি টিকেট ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেওয়া হবে বলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ সময় মন্ত্রী আরো জানান, একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন এবং ঈদের অগ্রিম টিকেট ফেরত নেওয়া হবে না।

রাজধানীর পাঁচটি স্থান থেকে ঈদযাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে যমুনা সেতু হয়ে চলা সব ট্রেনের অগ্রিম টিকেট। বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তনগর ট্রেনের টিকেট।

তেজগাঁও স্টেশন থেকে দেওয়া হবে ময়মনসিংহ জামালপুরগামী সব আন্তনগর ট্রেনের টিকেট। বনানী স্টেশন থেকে দেওয়া হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেনের টিকেট। ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে দেওয়া হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেনের টিকেট।

জেড