বিচ্ছিন্ন হামলা, সংঘর্ষ, ভাংচুর, কারচুপি, ভোটগ্রহণ স্থগিত ও বয়কটসহ নানা অভিযোগের মধ্য দিয়ে সারাদেশে একযোগে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্তত ১০টি পৌরসভার ২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলার দায়ে নির্বাচন কমিশন ৫ জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। অনিয়মের অভিযোগ তুলে ১৯ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনকে ঘিরে ঘটে যাওয়া সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। সকাল ৮টায় নির্বাচন হওয়ার পর থেকে বিকেল ৫টায় এই প্রতিবেদন আপডেট করার সময় পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে ।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে সারাদেশের নির্বাচনের চিত্র তুলে ধরা হলো:
সাতকানিয়ায় গোলাগুলি, নিহত ১
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের বাইরে হোস্টেল মাঠে কাউন্সিলর প্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
বরগুনায় ভোটকেন্দ্রে সংঘর্ষ, ওসিসহ আহত ৫০
বরগুনা পৌরসভা নির্বাচনে একটি কেন্দ্রে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রিসাইডিং কর্মকর্তা, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার ভোট গ্রহণ শুরু হওয়ার পরেই সকাল ৯টার দিকে আওয়ামী লীগ প্রার্থী কামরুল আহসান মহারাজের পক্ষে একদল সন্ত্রাসী কেন্দ্রটি দখল করে ভোট কারচুপির চেষ্টা চালায়। এ ঘটনায় সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করে পুলিশ।
এদিকে, ভোট দিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ ভোটাররা। উত্তেজিত জনতা ভোটকেন্দ্র লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আহত হন সদর থানার ওসি রিয়াজ হোসেন, প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুরুল আলম, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ক্যামেরাম্যান এস এম সিফাতসহ অন্তত ৫০ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১০ রাউন্ড গুলি ও টিয়ার শেল ছুড়তে হয়। এ ছাড়া ঘটনাস্থলে বিজিবি, এপিবিএন ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নরসিংদীর তিন পৌরসভার ভোট বর্জন বিএনপির
নরসিংদীর তিন পৌরসভায় (মাধবদী, নরসিংদী ও মনোহরদী) ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। একইসঙ্গে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে (ইসলাম প্লাজা) সংবাদ সম্মেলনে বর্জন ও পুনর্নির্বাচনের দাবি জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, আমরা আশা করেছিলাম সরকার সুষ্ঠু নির্বাচন করবে। সুষ্ঠুভাবে জনগণ ভোট দিতে পারবে। কিন্তু সকাল থেকেই নরসিংদীর তিনটি পৌরসভায় ভোট জালিয়াতি ও বিএনপির পলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনকে বলেও আমরা কোনো সহায়তা পাইনি। বাধ্য হয়ে এ নির্বাচন বর্জন করলাম।
সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত তিন প্রার্থীর মধ্যে নরসিংদী পৌরসভার বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম সোহেলসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ভোট জালিয়াতির অভিযোগ এনে নরসংদী পৌরসভার স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ূম দুপুর আড়াইটায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন। মাধবদী পৌরসভার পাঁচটি ভোটকেন্দ্রে ভোট আগেই স্থগিত করা হয়।
ময়মনসিংহের ফুলপুরে ব্যালট ছিনতাই
ময়মনসিংহ জেলার ফুলপুর পৌরসভার একটি কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।বুধবার বিকেল ৩টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে ব্যালট ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।

চট্টগ্রাম, বরিশালে প্রার্থীর ওপর হামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির মেয়র পদপ্রার্থী আবুল মনসুরের ওপর হামলা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপি প্রার্থী আবুল মনসুর অভিযোগ করে বলেন, সকালে পৌরসভার পন্থিশিলা কেন্দ্রে গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে শারীরিকভাবে হেনস্তা ও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ডের রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, তার কাছে মৌখিকভাবে প্রার্থী অভিযোগ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে পিরোজপুরের স্বরূপকাঠিতে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট সাব্বির আহমেদকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রের সামনে পৌঁছান সাব্বির। ওই সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক বলেন, বিষয়টি শুনছি। এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি।
পিরোজপুরে ভোটারদের নৌকায় সিল দিতে বাধ্য করার অভিযোগ
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার একটি কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী এজেন্টদের প্রবেশে বাধা এবং ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
বুধবার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে পৌরসভা নির্বাচনে এ ঘটনা ঘটে বলে বিএনপির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম অভিযোগ করেছেন।
শফিকুলের ভাষ্য, কেন্দ্রটিতে তাঁর নির্বাচনী এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। একজন এজেন্টকে মারধর করা হয়েছে। কেন্দ্রে আসা ভোটারদের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. গোলাম কবিরের পক্ষে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার দৃশ্য দেখা গেছে।
প্রিসাইডিং কর্মকর্তা রাশেদ আলম বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে বুথের বাইরে প্রকাশ্যে ভোট দেওয়া বন্ধ করা হয়েছে।
ভোট শুরুর আগেই ঝিনাইদহে ৩শ' ব্যালট বাতিল
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার দুধসর কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ৩শ' ব্যালট পেপার বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বুধবার ভোটগ্রহণ শুরুর আগে এ ব্যালট পেপারগুলো বাতিল করা হয়।
উপজেলা রিটানিং কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান, কোটচাঁদপুর পৌরসভার দুধসর কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ৩শ' ব্যালট পেপার বাতিল করা হয়েছে।
রাজশাহীতে সাংবাদিক আটক, ক্যামেরা জব্দ
রাজশাহীর পুঠিয়ায় 'সন্দেহজনক গতিবিধির অভিযোগে' ৩ সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। এই তিনি সাংবাদিক হলেন দৈনিক সমকাল এবং এটি এন নিউজের রাজশাহী ব্যুরো চিফ ও ক্যামেরাপার্সন। তাদেরকে সকালে ভোট শুরুর প্রথমেই আটক করা হয়।
অপরদিকে নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌরসভার একটি ভোট কেন্দ্রের বাইরে গভীর রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্যামপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এই বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, রাতে শ্যামপুর উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রায় ১০০ গজ দূরে বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছান। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লালী চালিয়ে ককটেল জাতীয় বিস্ফোরকের অবশিষ্ট উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জে রাতেই ব্যালটে সিল: সংঘর্ষে আহত ৩
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় মঙ্গলবার রাতে ব্যালটে সিল মারার চেষ্টার সময় সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিতারকান্দী এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
বাজিতপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ সময় বিএনপির লোকজন দুজনকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানালেও পুলিশ তাদের নাম-পরিচয় বলেননি।
চট্টগ্রাম জামালপুর কুমিল্লা মাদারীপুরে ৭ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
ভোট শুরুর আগেই ব্যালটে সিল দেয়ায় কুমিল্লা এবং মাদারীপুরের তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো হলো- মাদারীপুরের কালকিনি পৌরসভার কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি এবং কুমিল্লার বরুড়া পৌরসভার লতিফপুর।
এছাড়া চট্টগ্রামের সীতাকুন্ডে ২টি, জামালপুর সদরে ১টি ও সরিষাবাড়িতে ১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কালকিনি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, কাষ্ঠগড় ও দক্ষিণ জোনারদণ্ডি কেন্দ্রে কয়েকটি ব্যালট বাক্স পাওয়া যায় যেগুলোতে আগে সিল দিয়ে ব্যালট পেপার ঢুকিয়ে রাখা হয়েছিল।
তিনি বলেন, সকালে ব্যালটসহ বাক্সগুলো জব্দ করা হয়েছে এবং কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। তবে কোন প্রার্থীর পক্ষে সিল মারা হয়েছিল তা জানাননি রিটার্নিং কর্মকর্তা।
এদিকে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নাহার নাজিম জানান, সকাল ৭টার দিকে একদল যুবক কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল দেয়া শুরু করলে আইশৃংখলা বাহিনী ও কেন্দ্রে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
তিনি বলেন, তাদের সিল দেয়া ১২শ ব্যালট পেপার উদ্ধার করে সেগুলো বাতিল করেন এবং ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। অবশ্য কোন প্রার্থীর পক্ষে ব্যালটে সিল দেয়া হয় তা জানানো হয়নি।
তবে, কুমিল্লা ও মাদারীপুরের ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এদিকে ভোট শুরুর পরপরই কেন্দ্রে আধিপত্য বিস্তার, জালভোট ও অনিয়মের অভিযোগে চট্টগ্রামের সীতাকুন্ডে ২টি, জামালপুর সদরে ১টি ও সরিষাবাড়িতে ১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে সংশ্লিষ্ট প্রিসাডিং কর্মকর্তারা।
নড়াইলে বিএনপির প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
নড়াইল পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান মিলু। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি এ ঘোষণা দেন।
এর আগে কালিয়া পৌরসভার দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ব্যাপক কারচুরির অভিযোগে এ দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
জামালপুরে জাপা প্রার্থীর ভোট বর্জন
জামালপুর পৌরসভায় কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা। বুধবার সকালে জামালপুর জেলা স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ ঘোষণা দেন।
হাফিজুর রহমান বাদশা সাংবাদিকদের বলেন, “জেলা স্কুল কেন্দ্রে আমি নিজের ভোটটিই দিতে পারিনি। তাছাড়া, অনেক কেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা কেন্দ্রে কেন্দ্রে ঢুকে ব্যালটে সিল মারছে।''
জামালপুরে মেয়র প্রার্থীর ওপর হামলা, গুলিবিদ্ধ ৩
জাপালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী নুরুন্নবী অপুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৫ রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার সকাল ৮টা ১০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মোরেলগঞ্জে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ১, ২ ও ৭নং ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোতে বিএনপির কোন এজেন্ট নেই। ওইসব কেন্দ্র থেকে সকল এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী আব্দুল মজিদ জব্বার।
এদিকে, দায়িত্বশীল কর্মকর্তারা ওই কেন্দ্রে বিএনপির এজেন্ট না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লায় ভোট দিতে বাধা, অস্ত্রসহ আটক ৫
কুমিল্লার লাকসাম পৌরসভার ধামুইচা থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচজন যুবককে আটক করেছে পুলিশ। এঁরা পৌর এলাকার বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার জন্য ভয় দেখাচ্ছিলেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁদের আটক করে।
রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিকভাবে তিনি আটক পাঁচ যুবকের নাম জানাতে পারেননি।
চান্দিনায় জাল ভোট দিতে গিয়ে তরুণ আটক
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ায় নাজমুল হাসান (১৭) নামে এক তরুণকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মুর্শিদ আহমেদ তাকে এ জরিমানা করেন।
এরআগে পৌরসভার ৭নং ওয়ার্ডের ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
নাজমুল হাসান ছায়কোট গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুস সালামের (উট পাখি) পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রদীপ দেবনাথ টাইমনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কেবি/এমএ





