চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলামকে জেলগেট থেকে ফের আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এসএম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, শামসুল ইসলামকে জেলগেট থেকে আটক করে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালি থানার একটি মামলায় শামসুল ইসলাম কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি এই মামলায় জামিন পান।

জামিন পেয়ে আজ মাওলানা শামসুল ইসলাম কারাগার থেকে বের হতে গেলে পুলিশ তাকে জেলগেটেই আটক করে। তবে নতুন করে তার বিরুদ্ধে অভিযোগ কি জানায়নি পুলিশ।

এর আগেও মাওলানা শামসুল ইসলামকে জামিনের পর মুক্তির দিন জেলগেট থেকে একাধিকবার আটক করা হয়েছে। আটকের পর অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১২ মে নগরীর দেওয়ান বাজার এলাকার জামায়াতের মহানগর কার্যালয়ে সভা চলাকালে পুলিশ অভিযান চালিয়ে শামসুল ইসলাম এবং নগর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ নেতাকর্মীকে আটক করে।

পরে বিস্ফোরক মামলায় তাদের আদালতে হাজির করা হয়। ইতোমধ্যে লোহাগাড়ার একটি ভাঙচুরের মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

কেএইচ