লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে বাংলাদেশি আসাদুজ্জামান (২৩) নামের এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার পর লাশ টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

লালমনিরহাট ১৫ (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি’র পক্ষ থেকে লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিএসএফ’র পক্ষ থেকে কোন সাড়া মেলেনি বলে নিশ্চিত করেছেন বিজিবি।

নিহত আসাদুল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী এলাকার আবুল হোসেনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, ‘রবিবার ভোরে আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৪ নং মেইন পিলারের নিকট দিয়ে ওই বাংলাদেশি যুবক গরু আনতে যায়। এ সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার বাত্রিগাছ সীমান্তের ১০০ সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই যুবক। পরে তার লাশ টেনে হেঁচড়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ফেরত চেয়ে বিএসএফ’কে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও বিকাল সাড়ে ৪টা অবধি কোন সাড়া পাওয়া যায়নি।

এমই