নরসিংদীতে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম অন্নয় হাসান রুবেল (৩০) বলে জানা যায়।
মঙ্গলবার সকালে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার খালপাড় থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। রুবেল পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার গোলাম মোস্তুফা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যমতে তার নিজ বাসা থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নরসিংদী সরকারি কলেজ ও খালপাড় এলাকায় দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্নয় হাসান রুবেল একজন পেশাদার সন্ত্রাসী। সে অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত থাকতে পারে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসএইচ





