রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম ইয়ামিন আহমেদ (২৬)।বৃহস্পতিবার (১১ আগস্ট)এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর এলাকার মো. নুরুল ইসলামের ছেলে ইয়ামিন।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান গণমাধ্যমকে জানান, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মাঝামাঝি এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন ইয়ামিন। এ সময় তিনি মুঠোফোনে কথা বলছিলেন। ট্রেন আসতে দেখে পাশের আরেক লাইনে যান তিনি। কিন্তু ওই সময় সেই লাইনে আরেকটি ট্রেন চলে আসে। আর সে ট্রেনেই কাটা পড়েন তিনি।

তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এমআর