ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রাউত নগরে কুলিক নদী থেকে স্কুটার মেশিন দিয়ে অবাধে বালু মাটি তুলছে সরকারি রাস্তা নির্মানকারী একটি ঠিকাদার প্রতিষ্ঠান।
সরজমিনে গিয়ে দেখা যায়, রাউত নগর কুলিক নদী থেকে অত্যাধুনিক স্কুটার মেশিন দিয়ে নদী খনন করে বালু মাটি তুলছেন আলমাস নামক এক ব্যক্তি। তিনি জানান, রাউত নগর বাজার থেকে কলিগা স্কুল পর্যন্ত ৪ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে সরকারী রাস্তা নির্মানের কাজ চলছে। সে রাস্তায় বালু মাটির প্রয়োজন হওয়ায় রাস্তা নির্মানকারী ঠিকাদার আবু সিদ্দিক তোতার নির্দেশেই আমি বালুমাটি তুলছি।
কতদিন বালু মাটি উত্তোলন করবেন জানতে চাইলে তিনি বলেন, প্রায় সাড়ে ৪ কিঃমিঃ রাস্তায় বালুমাটি ফেলাতে হবে তাহলে বুঝেন কতটুকু বালু মাটি লাগবে আর এর সব বালু মাটিই নেওয়া হবে এই নদী থেকে। এভাবে বালুমাটি তোলার নিয়ম আছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব বিষয় ঠিকাদার জানেন।
চড়োল পাড়ার গ্রামের বাসিন্দা সেলিম বলেন, এখানে কোন ইঞ্জিনিয়ার আসে না। এ রাস্তা নির্মানে চরম অনিয়ম দূনীর্তি হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন, রাস্তা খনন কালে অনিয়ম হয়েছে। এখানে রাস্তা ধসে যেন না পড়ে সেজন্য নির্মানাধীন প্যারাসেডিং গুলোতে নিম্ন মানের রড-সিমেন্ট ব্যবহার করছেন। এক কথায় শহর থেকে আমাদের গ্রাম অনেক দুর হওয়ায় ঠিকাদার ইচ্ছেমত কাজ করছেন।
রাউত নগর গ্রামের বাসিন্দা বারেক বলেন, এরশাদ সরকারের আমলে এই নদীর উপড়ে রাউত নগর-রওশনপুর ব্রিজটি নির্মান করা হয়েছে। কিছুদিন আগে সেটি ধসে পড়ে। এরপরে দুই গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠে। অবশেষে এলাকাবাসীর স্ব-উদ্যোগে বাঁশের সাকো নির্মান করে যাতায়াত করছিলো।কিন্তু মেশিন দিয়ে নদী খনন করে বালু মাটি তোলায় সাকোটি যুকির মধ্যে পড়ে যায়। ফলে দুই গ্রামের লোকদের যাতায়াত করতে পড়তে হচ্ছে ভোগান্তিতে ।
এ বিষয়ে ঠিকাদার আবু সিদ্দিক তোতা বলেন, রাস্তায় বালুর প্রয়োজন হওয়ায় আমি নদী থেকে বালুমাটি উত্তোলন করছি। প্রশাসনের অনুমতি নিয়েছেন কিনা প্রশ্ন করলে তিনি বলেন,আমি যাদের জমি নদীতে আছে তাদের কাছ থেকে বালুমাটি কিনে নিয়েছি।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, নদী থেকে বালু-মাটি উত্তোলন করার কোন বিধি-বিধান নেই। যদি কেউ উত্তোলন করে থাকে সেটা সম্পূর্ণ বেআইনি। তিনি আরো বলেন, এ বিষয়টি স্থানীয় প্রশাসন দেখবেন।
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকতা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, নদী থেকে কোনক্রমেই বালুমাটি তোলা যাবে না। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, প্রতিদিন গড়ে ৫০/৬০ গাড়ী বড় ট্রলি দিয়ে নদী থেকে বালুমাটি তুলে রাস্তায় ফেলছেন ঠিকাদার আবু সিদ্দিক তোতা। অপর দিকে রাস্তায় বালু ফেলানোর কথা থাকলেও ফেলছেন বালু মাটি।
মনিরুজ্জামান / মাহমুদ





