নাটোরের বড়াইগ্রামে চাহিদামাফিক ঘুষ না দেওয়ায় পিকআপে থাকা পৌনে ৩ লাখ টাকার ডিম রাস্তায় ফেলে দেয়ার অভিযোগ উঠেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে। রাস্তায় পড়ে ভেঙে প্রায় সবডিম নষ্ট হয়ে গেছে।

গতকাল (১৬ মে) বৃহস্পতিবার ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সুতিপাড় এলাকায় এই ঘটনাটি ঘটে।

ডিমের মালিক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা বিপ্লব কুমার সাহার পথে বসার উপক্রম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ মে) ভোর রাতে বিপ্লব কুমার পিকআপযোগে ৩৫ হাজার একশ ডিম নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে নাটোর যাচ্ছিলেন। পথে আগ্রান সুতিরপাড় এলাকায় পিকআপের চাকা পাংচার হয়ে গেলে সেটি পাশের ফিডার রোডে নেমে যায়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ সদস্যরা পিকআপ উদ্ধারের জন্য রেকার ভাড়াসহ ২০ হাজার টাকা ঘুষ দাবি করে।

কিন্তু চালক এতে রাজি না হওয়ায় পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে পিকআপে থাকা ডিমের খাঁচি বাঁধার রশি ছুরি দিয়ে কেটে দেয়। এতে খাঁচিগুলো রাস্তায় পড়ে অধিকাংশই ডিম ভেঙে নষ্ট হয়ে যায়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয় মহিলারা রাস্তায় পড়ে থাকা ভাঙাচোরা ডিম কুড়িয়ে নিচ্ছেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন শিকদার রশি কেটে ডিম ফেলে দেওয়ার বিষয়টি সঠিক নয় দাবি করে বলেন, “পিকআপটি কাত হয়ে ডিম পড়ে গেছে।”

এসময় রশিগুলোর কাটা টুকরো রাস্তায় পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তাহলে সেগুলো রেকারের লোকেরা কাটতে পারে।”

এমবি