গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১শে জুলাই বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯শে জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩শে জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২৪ ও ২৫শে জুলাই সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রোববার, সোমবার ও মঙ্গলবার (২৮, ২৯ ও ৩০শে জুলাই) অফিস চলে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২শে জুলাই থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়।
এদিকে বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৩ ঘণ্টা কারফিউ শিথিল করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন।
এফএইচ





