নাটোরের লালপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ আলীকে (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশরাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

উপজেলার কচুয়া-সুন্দরগাড়ার মাঠের একটি আখক্ষেত থেকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আশরাফ ওই উপজেলার বিলসলিয়া গ্রামের বয়েজ আলীর ছেলে।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী জানান, আশরাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক। তাকে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার পর মাঠের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাজনৈতিক বিরোধের জেরে আশরাফকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী কচুয়া-সুন্দরগাড়ার মাঠের আখক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানাতে পারেননি তিনি।

ইআর