মুন্সীগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ ‘পিনাক-৬’ এর নিখোঁজ ১৪৬ জনের মধ্যে ৩০ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ ও স্থানীয়দের তৎপরতায় এ সব মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১১৬ জন।
উদ্ধারকৃত লাশের মধ্যে ১৬ জনের পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। অজ্ঞাত নামা ১৪টি লাশ মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে মাওয়া ঘাটে স্থাপিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের সাব-কন্ট্রোলরুম থেকে জানিয়েছে।
মাওয়া ঘাটে পুলিশের স্থাপিত সাব-কন্ট্রোলরুমের দেওয়া তথ্য অনুযায়ী হস্তান্তর হওয়া ১৬টি মৃতদেহের পরিচয় হলো- মাদারীপুর জেলার শিবচরের নূরুল হকের মেয়ে হিরা (২২), জব্বার প্রধানের মেয়ে লাকি (২৫), আলম শেখের স্ত্রী হাসি বেগম (৩৮), নূরুল ইসলাম হাওলাদারের ছেলে মিজানুর (৩৫), হায়দার চৌকিদারের মেয়ে ইমা (১৮), রহিম মাদবরের মেয়ে ইপা আক্তার (১৪), রহিম মাদবরের দেড় বছরের সন্তান ইব্রাহিম (১ বছর ৭ মাস), ফরিদপুরের নগরকান্দার রিয়াজুল, আব্দুল হাই খলিফার মেয়ে রিতা আক্তার (২৫), ফরিদপুরের সদরপুর উপজেলার আজিজ মাদবরের ছেলে আবু ইউসুফ (২২), সদরপুর উপজেলার সাতরশি গ্রামের মো. রুবেলের মেয়ে ফাইজা, মানিকনগর গ্রামের মনির উদ্দিনের ছেলে জামাল (২৭), গাজীপুরের কাপাসিয়া উপজেলার ইব্রাহিম হোসেনের মেয়ে ইশরাত হোসেন মিম (১৩), বরিশালের বাকেরগঞ্জের শহীদুল ইসলাম জমাদ্দারের ছেলে জাহিদ হোসেন (১৫), হানিফ মাস্টারের ছেলে জাকির হোসেন জুলহাস (৪০) ও ঝালকাঠি জেলার কাঁকড়াদিয়ার লুৎফুর রহমানের ছেলে ফাহাদুল করিম (২৪)।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মিয়া কুতুবুর রহমান জানান, পরিচয় পাওয়ামাত্র লাশ হস্তান্তর করা হচ্ছে। উদ্ধারকারী জাহাজ ডুবে যাওয়া জাহাজটির অনুসন্ধানে কাজ অব্যাহত রেখেছে।
ঢাকা, ৭ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





