বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

পাঁচটি বাঙালি সংগঠনের ডাকে এই হরতাল পালিত হচ্ছে।

এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক।

গত ১লা অগাস্ট মন্ত্রিসভা ‘পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন,২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়।

আর এই আইনের সংশোধনী অনুমোদনের প্রতিবাদ ও বাতিলের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদসহ পাঁচটি সংগঠন হরতালের ডাক দেয়।

তাদের দাবি, নতুন এ আইনের কারণে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালিরা ভূমি থেকে উচ্ছেদ হবেন এবং ভূমির অধিকার হারাবেন।

পার্বত্য চট্টগ্রামে বহু বছর ধরে পাহাড়ি-বাঙালিদের বিবাদের মূল কারণ ভূমি বিরোধ। শান্তি চুক্তিতে সেটি নিষ্পত্তির কথা বলা রয়েছে।

কিন্তু চুক্তির ১৮ বছর পরও ভূমি নিয়ে বিবাদ রয়েই গেছে।

ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের খসড়া প্রস্তাবে পার্বত্য আঞ্চলিক পরিষদের কোরাম ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে।

আগে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হতো। কমিশনের নয় সদস্যের মধ্যে দুজন থাকতো বাঙালি।

কিন্তু এখন আইনে সংশোধনীর ফলে চেয়ারম্যানের সিদ্ধান্তে আর কোনও বিষয় চূড়ান্ত হবে না। চেয়ারম্যানসহ অন্তত তিন সদস্যের উপস্থিতি প্রয়োজন হবে কোরামের জন্য। আর এতে পাহাড়িদের আধিক্য থাকবে ও নিজেদের অধিকার ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা করছে বাঙালিরা।

আর সে কারণে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবি জানাচ্ছে তারা। সূত্র: বিবিসি

এফএফ