টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে ব্যাপক দুর্নিতির অভিযোগ পাওয়া গেছে। তক্তারচালা পাটজাগ বাংলা বাজার এলাকার আলেয়া ফার্মেসির মালিক মো. মোস্তফা কামালের নামে মিটার সংযোগ খুটি নেই কিছুই তবু বিল করা হয়েছে ৭৮২০ ইউনিটের ৩৮হাজার ৭১টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যুৎ সংযোগ না থাকলেও তক্তারচালা গ্রামের পাটজাগ বাংলা বাজার (চাটাম বাজার) এ অবস্থিত আলেয়া ফার্মেসির মালিক মো. ছাদেক আলীর ছেলে মোস্তফা কামালের নামে ৩৮ হাজার ৭১ টাকার একটি বিদ্যুৎ বিল করা হয়েছে যার ইউনিটের পরিমাণ উল্লেখ আছে ৭হাজার ৮শত ২০। বিলটি ইস্যু করা হয়েছে ২৯ শে এপ্রিল ২০১৭ ইং তারিখে এবং পরিশোধের শেষ তারিখ হলো ২৯ শে মে ২০১৭ ইং তারিখ। বিল গ্র“প-১০, বুক নং- ৫৪২, ওয়াক ওয়ার্ড নং-১৩৫০।
মোস্তফা কামাল জানায়, তিন বৎসর আগে দোকানে বিদ্যুৎ সংযোগের জন্য তিনি আবেদন করেন। সংযোগ বাবদ লাইনম্যান ফারুককে দেন ১০ হাজার টাকা। বিদ্যুৎ সংযোগ দেই দিচ্ছি করে লাইনম্যান ও বিদ্যুৎ অফিসের লোকজন অনেক ঘুরানোর পর প্রায় ১বৎসর যাবত বিদ্যুতের আশা ছেড়ে দিয়ে টাকার মায়া দুর করে সৌর বিদ্যুৎ লাগিয়েছে আরো তিন হাজার টাকা খরচ করে। হঠাৎ করে গত মাসে লাইনম্যান মাহবুবের মাধ্যমে এই বিলটি পান তিনি।
মোস্তফা কামাল আরও বলেন ‘আমি বিদ্যুৎ অফিসের এই বিলটি পেয়ে খুবই অবাক এবং বিষ্মিত হয়েছি। কেননা যেখানে আমার দোকানে বিদ্যুৎ সংযোগই নেই সেখানে এতো টাকা বিল আসে কি ভাবে ?’
এ বিষয়ে জানতে চাইলে সখীপুর বিদ্যুৎ অফিসের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন ‘গ্রাহক আবেদন করলে কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কাওছার/এমই





