কিশোরগঞ্জে বাসচাপায় বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

আজ (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কাটাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মধুপুর এলাকার বাবা রুবেল মিয়া (৩২), তার শিশু সন্তান শাহরিয়ার (৫) ও ভগ্নিপতি রফিকুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী কেন্দুয়া যাওয়ার পথে কাটাবাড়িয়া এলাকায় পিছন দিক থেকে ময়মনসিংহের মুক্তগাছাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম ও তার শিশু সন্তান শাহরিয়ার মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত এই তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। তবে বাসচালক পালিয়ে গেছে। 

এমবি