ইনশাহআল্লাহ, কোনো একসময় তিস্তা চুক্তি হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেছেন, তিস্তা নিয়ে আমরা সব সময় আশায় বুক বেঁধে আছি।

আজ বুধবার (২৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিস্তা নিয়ে ভারতকে চাপে রাখা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারতের প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে।

মন্ত্রী বলেন, আমরা দেশের বড় বড় ৬টি নদী নিয়ে কথা বলেছি, তিস্তার খসড়া চুক্তির প্রতিটি পাতায় উভয় দেশ সই করে রেখেছে, কিন্তু এখনো জিনিসটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ হয়নি। তারা এ ব্যাপারে একমত যে চুক্তি হবে। কিন্তু তাদের কিছু অসুবিধার কারণে তারা সেটি দিতে পারছেন না। আমরা সব সময় আশায় বুক বেধে আছি।

২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দুই দেশের পানিসম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবন্টন চুক্তির বিষয়ে দুইপক্ষ একমত পোষণ করে এবং মনমোহন সিংয়ের সফরেই চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সেটি আটকে যায়।

কিন্তু গত ১৩ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিস্তা চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেছিলেন, তিস্তা তো অলরেডি ১০ বছর আগে চুক্তি হয়ে গেছে। বাস্তবায়ন হয় নাই। তিস্তা চুক্তি ১০ বছর আগে পাতায় পাতায় সই হয়েছে। ডকুমেন্টও উভয়পক্ষ…। ভারত সরকার আমাদের বলেছে, আগে যে চুক্তি হয়েছে সেটা স্ট্যান্ডবাই। তারা এটা গ্রহণ করে এবং তার থেকে কোনো ব্যত্যয় হয়নি। কী কারণে যে বাস্তবায়ন হয় নাই, আমরা তো সেটা জানি।

এএস