নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দ্বীন ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরো অন্তত ২০ জন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার দুল্লী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন। তাদের নাম জানা যায়নি।
নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা নিয়ে বিদ্যালয়ের শিক্ষক নিজাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের লিয়াকত আলী কাজলের দ্বন্দ্ব চলছে। এর জের ধরে আগে একবার উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে লিয়াকত আলী গ্রুপের লোকজন নিজাম উদ্দিনের লোকজনের বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় দায়ের করা মামলায় কারাগার থেকে বুধবার রাতে জামিন নিয়ে বাড়ি ফেরে লিয়াকত আলীর লোকজন।
তাদের আসার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নিজাম উদ্দিনের লোকজন লিয়াকত আলীর বাড়ি ঘেরাও করে হামলা চালায়। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের বল্লমের আঘাতে নিজাম উদ্দিনের পক্ষের দ্বীন ইসলাম আহত হন। দ্বীন ইসলামকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সকাল সাড়ে ১০টার দিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এএইচ





