ফরিদপুরের নগরকান্দায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও এক আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- নগরকান্দার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের বড় পাইটকান্দি গ্রামের আকুব্বর মাতুব্বরের ছেলে কাইয়ুম ও একই গ্রামের হুমায়ুন খার ছেলে ইসমাইল। আহতের নাম হাসিবুল।
নগরকান্দা থানার অফিসার ইন চার্জ (ওসি) আফসার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দুর্ঘটনাটি নগরকান্দা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়ায় ঘটে। মোটরসাইকেলে করে তিনজন নগরকান্দার দিকে আসছিল। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কাইয়ুম মারা যায়।
মারাত্মক আহত অবস্থায় হাসিবুল ও ইসমাইলকে নগরকান্দা হাসপাতালে নেওয়ার পথে ইসমাইল মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসিবুলকে নগরকান্দা হাসপাতালে নেওয়ার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করতে জোর চেষ্টা চলছে। নিহতদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএইচ





