ঢাকার ধামরাই উপজেলায় মালবাহী কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মাঝখানে পড়ে মো. সুমন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহীসহ বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।

নিহত সুমন সরকার ঝিনাইদহ জেলা সদরের লক্ষ্মীকান্দা এলাকার স্বপন সরকারের ছেলে।

পুলিশ জানায়, ভোর ৫টার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জগামী নিলাচল পরিবহনের সঙ্গে ঢাকাগামী মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এর মাঝখানে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. সুমনের মৃত্যু হয়।

এতে গুরুতর আহত হন ওপর মোটরসাইকেল আরোহী দিপ্রদী সরকারসহ বাসের ১০ যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ উপপরিদর্শক শঙ্কর সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ মানিকগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

আহতদের উদ্ধার করে ধামরাই সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমআর